প্রবা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২ ০৯:১৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২২ ১১:১৯ এএম
ভালদাই ফোরামের বার্ষিকীতে বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। তিনি জোর দিয়ে বলেন, এ পরিস্থিতিতে বৈশ্বিক ইস্যুতে বিশ্বমোড়ল হিসেবে পশ্চিমাদের অবিভক্ত আধিপত্য শেষ হতে চলেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভালদাই ফোরামের বার্ষিকীতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট এসব মন্তব্য করেন।
পুতিন তার দীর্ঘ বক্তব্যে ইউক্রেনে আক্রমণের পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন। তবে এ পদক্ষেপ মস্কোকে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন করেছে।
রুশ প্রেসিডেন্ট এ সময় পশ্চিমাদের বিরুদ্ধে ‘পারমাণবিক ব্ল্যাকমেইলে’র অভিযোগ আনেন।
সম্প্রতি রুশ কর্মকর্তারা অভিযোগ করেন, ইউক্রেন ‘ডার্টি বোমা’ মারার পরিকল্পনা করছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিয়েভ। তাদের মিত্র সামরিক জোট ন্যাটো মস্কোর এ অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
মস্কোয় এ ভাষণের আগের দিন পারমাণবিক অস্ত্রের মহড়া ভার্চুয়ালি পর্যবেক্ষণ করেছেন পুতিন। সে সময় তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে আগ বাড়িয়ে কিছু বলিনি। আমরা শুধু পশ্চিমা নেতাদের মন্তব্যের ইঙ্গিত দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছি।’
এদিন তিনি ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া নিজেদের সুরক্ষায় যেকোনো উপায় বা অস্ত্র ব্যবহার করবে। পারমাণবিক হামলার শঙ্কা যখন তীব্র হচ্ছে, তেমন একটা সময়ে ফের এ মন্তব্য এলো রুশ প্রেসিডেন্টের কাছ থেকে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চাচ্ছে অভিযোগ করে পুতিন বলেন, বিশ্বব্যবস্থার নেতৃত্বে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। তবে এ সক্ষমতা তাদের আর নেই।
পশ্চিমাদের কড়া সমালোচনা করে জোর দিয়ে পুতিন বলেন, ‘বৈশ্বিক ইস্যুতে পশ্চিমাদের একক আধিপত্য এখন শেষ হতে চলেছে। আমরা একটি ঐতিহাসিক দ্বারপ্রান্তে আছি। সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরের গুরুত্বপূর্ণ দশক।’
পুতিনের ভাষায়, ‘ভবিষ্যতের নতুন বিশ্বব্যবস্থা আমাদের চোখের সামনেই গড়ে উঠছে।’
রাজধানী মস্কোয় দেওয়া ওই বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন এই নেতা। তিনি বলেন, রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে চাচ্ছে পশ্চিমারা। এ ক্ষেত্রে সফলতা পেতে তারা পারমাণবিক হামলার ধুয়া তুলে ‘ব্ল্যাকমেইল’ করছে।
বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক স্টিভ রসেনবার্গ বলেন, ‘আজ আমরা যা দেখলাম ও শুনলাম, তা হলো ক্রেমলিন নেতা বিশ্বকে যেভাবে দেখেন।
পুতিনের দৃষ্টিতে কোনো কিছুতেই রাশিয়ার দোষ নেই। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বিশ্ব খাদ্য সংকট—সবকিছুর জন্য পশ্চিমারা দায়ী।
আমরা দেখলাম এমন এক ক্রেমলিন নেতাকে যার নিজের কৃতকর্মের জন্য একেবারেই কোনো অনুশোচনা নেই। পুতিনের ভাষ্যে অনুশোচনার কোনো ইঙ্গিত নেই বা যুদ্ধ থেকে ফিরে আসার চিহ্ন নেই।’
প্রবা/এইচকে/জেও