জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:১০ পিএম
জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদালতের রায়কে তিনি ‘আশার বাতিঘর’ ও ‘উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি’ বলে মনে করেন।
সামাজিকমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘এটি জম্মু, কাশ্মির ও লাদাখে আমাদের বোন ও ভাইদের জন্য আশা, অগ্রগতি এবং ঐক্যের শক্তিশালী ঘোষণা।’
মোদি আরও লেখেন, ভারতীয় হিসেবে আমাদের ঐক্য, যা আমরা ধারণ করি এবং সব কিছুরে ঊর্ধ্বে লালন করি, আদালত তার গভীর প্রজ্ঞায় সেই মর্মকেই সংরক্ষিত করেছেন।
জম্মু-কাশ্মির ভারতের আর দশটি রাজ্যের মতো ছিল না। এটি ছিল বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু ২০১৯ সালের ৫ আগস্ট এই রাজ্যের জন্য নির্ধারিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ করে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদনের পর চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতিও সেই বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়। দীর্ঘ শুনানির পর সোমবার সেই সব মামলার রায় হয়।
২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পাশাপাশি অঞ্চলটিকে দ্বিখণ্ডিত করা হয়। গড়ে তোলা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। একটি জম্মু-কাশ্মির, দ্বিতীয়টি লাদাখ। উচ্চ আদালতের রায়ে জম্মু-কাশ্মিরকে স্বতন্ত্র রাজ্য করার নির্দেশ দেওয়া হলেও লাদাখকে কেন্দ্রের অধীনেই রাখা বৈধ বলে মত দিয়েছেন আদালত।
আদালতের রায়ে হতাশা ব্যক্ত করেছেন কাশ্মিরের বেশকিছু রাজনৈতিক দলের নেতারা। জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক সহসভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিকমাধ্যম এক্সে লেখেন, ‘হতাশাগ্রস্ত কিন্তু ব্যথিত নই।’
তিনি আরও লেখেন, এই পর্যন্ত আসতে বিজিপির কয়েক দশক লেগেছে। আমাদের সংগ্রাম চলবে। দীর্ঘপথ পাড়ি দিতে আমরা প্রস্তুত।
জম্মু-কাশ্মির পিপল ডেমক্রেটিক পার্টির সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি লেখেন, জম্মু-কাশ্মিরের মানুষ হাল ছাড়বে না। সম্মান ও মার্যাদার জন্য আমাদের সংগ্রাম চলবে। এখানেই আমাদের পথের শেষ নয়। সূত্র : রয়টার্স