× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বোমা হামলায় নিহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

বোমা হামলার পর মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন সামরিক কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বোমা হামলার পর মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন সামরিক কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের মারাউই শহরে মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৫০ জন। রবিবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামগারে খ্রিস্টানদের সকালের প্রার্থনাসভা চলাকালে এই হামলা হয়। হামলার ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার পর সামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, কেন্দ্রটিতে পোড়া ক্ষত চিহ্ন। ছড়িয়ে-ছিটিয়ে আছে চেয়ার। হতাহতদের প্লাস্টিকের চেয়ারে করে নেওয়া হচ্ছে জিমের বাইরে। 

ফিলিপাইনের দক্ষিণের মারাউই শহরটি ২০১৭ সালে পাঁচ মাস অবরুদ্ধ করে রেখেছিল ‘ইসলামি জঙ্গিরা’। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধে ব্যাপক প্রাণহানির পর এই দশার অবসান হয়।  

বোমা হামলায় ‘বিদেশি সন্ত্রাসীদের’ দায়ী করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। শোক প্রকাশ করে তিনি বলেছেন, ‘মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয় ও মারাউই সম্প্রদায়ের ওপর বিদেশি সন্ত্রাসীদের নির্বোধ ও জঘন্য হামলার ঘটনায় আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। নিরাপরাধদের বিরুদ্ধে সহিংসতা চালায় এমন চরমপন্থিরা আমাদের সমাজের শত্রু।’

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে আসেন দেশটির প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিরক্ষা সচিব গিলবার্তো তেওডোরো বলেন, ’সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে।’

হামলার পেছনে বিদেশি হাত থাকার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি উল্লেখ করেন চলমান তদন্তে কোনো আপস করা হবে না।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমানুয়েল পেরাল্টা বলেন, ’ঘটনাস্থল থেকে একটি ১৬ এমএম মর্টারের টুকরা উদ্ধার করা হয়েছে।’

সশস্ত্র বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার জানান, লানাও দেল সুর প্রদেশের রাজধানী মারাউইতে স্থানীয় ইসলামপন্থি দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। রবিবার এক অভিযানে দাওলাহ ইসলামিয়া-মাউত গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হতে পারে। 

ইসলামি স্টেটের সঙ্গে যুক্ত এই মাউত গ্রুপ ২০১৭ সালে মারাউই অবরুদ্ধ করেছিল। তারা এটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলামিক স্টেট করতে চেয়ছিল। পরবর্তী পাঁচ মাসে ইসলামি যোদ্ধা ও ফিলিপিনসের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে বেসামরিকসহ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

পুলিশ কর্মকর্তা পেরাল্টা বলেন, ’মিন্দানাও ও রাজধানীর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। চেকপোস্টে তল্লাশিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।’

ধর্মীয় সমাবেশের সময় এ ধরনের হামলায় গভীর মর্মাহত ও আতঙ্কিত বিশ্ববিদ্যালয় পরিবার। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে এই নির্বোধ ও জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই।’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা