প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৬:২২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ১৮:০৬ পিএম
ভূমিকম্পের পর হাসপাতালের সামনে উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। এতে আহত হয়েছেন অন্তত ২৬ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। উচ্চভূমি ডলোরাসের কাছে আঘাত হানাটা ভূমিকম্পটি ৩৩০ কিলোমিটার দূরে রাজধানী ম্যানিলা পর্যন্ত অনুভূত হয়।
ভূমিকম্পের কারণে একটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়। একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় নেমে পড়েন আতঙ্কিত জনগণ।
পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন, ইলোকোন নর্ত প্রদেশে অন্তত ২৬ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক টুইট বার্তায় সবাইকে ভূমিকম্প পরবর্তী অবস্থা নিয়ে সতর্ক করেছেন বুধবার । তিনি নাগরিকদের উঁচু অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেন।
ভূমিকম্পে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাগায়ান প্রদেশের দুটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আরও কিছু প্রদেশে সেতু ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।
প্যারিসভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসির টুইট বার্তায় বলা হয়, এটি ছিল ব্যাপক কম্পনসহ ভূমিকম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, হাসপাতালের কিছু কক্ষের ছাদ ধসে পড়েছে। বেশ কয়েকজন রোগী হাসপাতালের ড্রাইভওয়েতে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন ভূমিকম্প শেষ হওয়ার।
আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি রাতের বেলা হওয়ায় এখনো এর ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। তবে এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত জুলাইয়ে আবরা প্রদেশে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে ১১ জন নিহত হন। এতে আহত হন আরও শতাধিক মানুষ।
প্রবা/এনএস