প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২২ ১৩:০১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২২ ১৩:২৬ পিএম
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশটির প্রধান বিচারপতি এনভি রামানা তাকে শপথ পাঠ করান। খবর এনডিটিভির।
আজ স্থানীয় সময় সোমবার সকালে শপথ গ্রহণ করেন ভারতের প্রথম নারী আদিবাসী রাষ্ট্রপতি। শপথের পর তার সম্মানে ২১টি গান স্যালুট দেওয়া হয়।
শপথ নেওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, তার এই নির্বাচন প্রমাণ করে যে, ভঅরতে গরীবেরাও স্বপ্ন দেখতে পারে এবং তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, শুধু নিজের ভবিষ্যত ভাবলে চলবে না, দেশের ভবিষ্যত নিয়েও ভাবতে হবে। এক্ষেত্রে দেশের রাষ্ট্রপতি হিসেবে তার সম্পূর্ণ সমর্থন থাকবে।
এছাড়া দেশের প্রান্তিক জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করে যাবেন বলেও জানান তিনি।
গত ১৮ জুলাই ভারতে লোকসভা এবং রাজ্যসভায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এরপর ২১ জুলাই হয় ভোট গণনা। ২৪ জুলাই রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার পর নতুন রাষ্ট্রপতি আজ (২৫ জুলাই) শপথ গ্রহণ করেন। আগামী ৬ আগস্ট হবে দেশটির উপরাষ্ট্রপতি নির্বাচন।