প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১২:৫১ পিএম
কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদপিষ্ট হওয়ার ঘটনার পরের দৃশ্য। ২৫ নভেম্বর সন্ধ্যায় তোলা। ছবি : সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পদপিষ্ট হয়ে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৬০ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি গানের অনুষ্ঠানে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, কোচির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় একটি কনসার্ট ছিল। কনসার্টে অন্যদের মধ্যে ভারতের বিখ্যাত প্লেব্যাক গায়িকা নিখিতা গান্ধীর গান গাওয়ার কথা ছিল।
কনসার্ট উপলক্ষে নির্দিষ্ট সময়ের আগেই অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে ঢুকার পাস না পেয়ে বাহিরে অপেক্ষা করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অপেক্ষারতদের একটা অংশ হুড়মুড় করে ভেতরে ঢুকার চেষ্টা করে। তখন হতাহতের ঘটনা ঘটে।
কেরালার উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আর বিন্দু রাজ্যে তার মন্ত্রণালয়ের প্রধান সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে পদপিষ্টের ঘটনা নিয়ে শিগগির একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আগামীতে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য যথাযথা নির্দেশা প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় পুরো রাজ্য শোকে বিহ্বাল হয়ে পড়েছে।
সূত্র : স্ত্রলডটইন