প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২২ ১৭:৩৮ পিএম
আত্মীয়-স্বজন ও শোকার্তরা ঘিরে রেখেছেন আবদুর রহমান সোবের বাবাকে
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতেরা হলেন মুহাম্মদ আজিজি (২৫) ও আব্দুর রহমান জামাল সুলেমান সোব (২৮)। খবর আলজাজিরার।
আজ স্থানীয় সময় রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনারা মুহাম্মদ আজিজি-কে বুকে এবং আব্দুর রহমান জামাল সুলেমান সোব-কে মাথায় গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পর নাবলুসের পুরাতন শহরের আল-ইয়াসমিনা এলাকায় হামলা চালায়। এ সময় তারা একটি বাড়ি ঘিরে ফেলে এবং বোমা, বন্দুক দিয়ে বাড়িতে হামলা চালায়, এতে দুই ফিলিস্তিনি নিহত হয়।
রেড ক্রিসেন্ট ফিলিস্তিনের মতে এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন যার মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।
নাসির ইস্তিয়া (৬০) নামের এক ব্যক্তি বলেন, তিনি বাড়িটিতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান। এছাড়া তারা (ইসরায়েলি সেনারা) কারো নাম ধরে ডেকে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিচ্ছিলেন বলেও জানান তিনি।
ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তা, হুসেইন আল-শেখ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, দখলদার বাহিনীরা নাবলুসের পুরাতন শহরে আরো একটি অপরাধ সংঘটিত করেছে। যার কারণে দু’জন শহীদ হয়েছেন ও আহত হয়েছেন অনেকে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নাবলুসে অভিযান পরিচালনা করছিলো তারা। তবে এ অভিযানে ফিলিস্তিনের হতাহতের বিষয়ে কিছু জানায়নি ইসরায়েল।