প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১২:২৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৩:৩৪ পিএম
২২ নভেম্বর বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র-কানাডা ক্রসিংয়ের দৃশ্য। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত ক্রসিংয়ে বুধবার একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই দুই দেশের মধ্যকার চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। পরে সেগুলো চালু করা হয়েছে।
প্রথমিকভাবে গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফপিআই) বিস্ফোরণের ঘটনাটি সন্ত্রসী কর্মকাণ্ড নয় বলে জানিয়েছে।
জানা গেছে, বুধবার (২২ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার একটি চেকপয়েন্টে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটির দুই যাত্রী নিহত হন। বিস্ফোরণের জেরে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া বড় ছুটির প্রাক্কালে ঘটা এই ঘটনায় ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল নিউইয়র্ক সিটির ৪০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই চেকপয়েন্টে বিস্ফোরণে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা সন্ত্রাসী হামলা ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়নি।
হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে । তিনি ঘনিষ্ঠভাবে এসব ঘটনা পর্যবেক্ষণ করছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে বলেছেন, এটি অত্যন্ত গুরুতর এক পরিস্থিতি।
সূত্র : রয়টার্স