প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২২ ১৪:৪৬ পিএম
ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার স্থানে দমকলকর্মীরা
ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপনাস্ত্র হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে একে বর্বরতা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
শস্য রপ্তানির জন্য রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
জেলেনস্কি বলেন, এ হামলার মাধ্যমে স্পষ্ট হয় যে রাশিয়ার সাথে কোনো চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য জানানো হয়নি।
ইউক্রেন হলো সবচেয়ে বড় শস্য রপ্তানিকারক। কিন্তু এ যুদ্ধের কারণে বন্দরে আটকে থাকে প্রায় ২ কোটি টন শস্য। যার কারণে পুরো রাশিয়া ও ইউক্রেনের গমের উপর নির্ভরশীল দেশ আফ্রিকায় শস্য সংকট তৈরি হয়।
এ সংকট দূর করতে স্থানীয় সময় শুক্রবার এ দুই দেশ রপ্তানি চুক্তিতে আবদ্ধ হয়। যেখানে রাশিয়া শস্য রপ্তানির সময় বন্দরে হামলা চালাবে না বলে চুক্তিবদ্ধ হয়।
তবে চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের ওডেসা বন্দরে হামলা চালানো হয়। ইউক্রেন দাবি করে রুশ বাহিনী এ হামলা চালিয়েছে। যার কারণে তাদের সাথে করা এ চুক্তি আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট।
ইউক্রেনের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, হামলার কারণে বন্দরে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
এ হামলার জন্য রাশিয়ার নিন্দা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, রাশিয়া পুরো বিশ্বে খাদ্য সংকট তৈরি করছে। এ হামলা রাশিয়ার করা চুক্তি নিয়ে ‘গুরুতর সন্দেহ’ তৈরি করেছে বলেও জানান তিনি।
ক্রেমেলিন এ বিষয়ে কোনো মন্তব্য না জানালেও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসাই আকর জানিয়েছে, রাশিয়ার কর্মকর্তারা হামলার বিষয়টি অস্বীকার করেছে।
তিনি আরো বলেন, রাশিয়া জানিয়েছে এ হামলার পেছনে তাদের হাত নেই। রাশিয়া হামলার বিষয়টি নিয়ে সুক্ষ্মভাবে তদন্ত করার কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।