প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ১১:২৬ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম
গাজায় অভিযানে ইসরায়েলি সেনারা। ১৮ নভেম্বর আইডিএফের সরবরাহ করা। ছবি : সংগৃহীত
হামাস অন্তত ৫০ জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যেকোনো সময় এ চুক্তির ঘোষণা আসতে পারে। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। ওয়াশিংটন পোস্টের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। এই চুক্তির খবর এমন এক সময় এলো যখন ইসরায়েল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে।
চুক্তি অনুযায়ী উভয় পক্ষ যুদ্ধ বন্ধ রাখার কথা বলেছে এবং যুদ্ধবিরতির পাঁচ দিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা তার অধিক জিম্মিকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়।
ওয়াশিংটনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কাতারে সপ্তাহব্যাপী আলোচনার মাধ্যমে এ চুক্তির রূপরেখা ঠিক করা হয়েছে।
সূত্র : রয়টার্স, আলজাজিরা