প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম
মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পরবর্তী দৃশ্য। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে বেলিজ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় অবিরাম নির্বিচার বোমা হামলা চালানোর অভিযোগ মঙ্গলবার লাতিন আমেরিকার দেশটি এ ঘোষণা দেয়। ইতঃপূর্বে অঞ্চলটির প্রথম দেশ হিসেবে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে ব্রাজিলও তাই করেছে।
কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার অংশ হিসেবে তেল আবিব থেকে নিজেদের শুভেচ্ছাদূত আইনাত ক্রাঞ্জ-নেইগারকে ফিরিয়ে নিয়েছে বেলিজ।
লাতিন আমেরিকার অন্য তিনটি দেশও গাজা হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। দেশ তিনটি হলো কলম্বিয়া, চিলি ও হন্ডোরাস।
আর্জেন্টিনা রাষ্ট্রদূত প্রত্যাহার না করলেও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কঠোর সমালোচনা করেছে।
লাতিন আমেরিকার দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা স্থগিত করায় কিছুটা চাপে পড়েছে ইসরায়েল। তেল আবিব এসব সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, মধ্য-আমেরিকার দেশগুলো সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করছে।
মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যেসব দেশের সঙ্গে রয়েছে সেগুলোর মধ্যে কেবল জর্ডান তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মুলতবি করেছে। তুরস্কও একই কাজ করেছে।
কিন্তু সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, মরক্কোর সঙ্গে ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তারা তা স্থগিত করেনি।
সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল