প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১২:০৬ পিএম
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য প্রস্তুতি চলছে। ১৪ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডের মহাসড়কের সুড়ঙ্গে আটকে পড়া ৪০ শ্রমিককে বুধবার সকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি। রবিবার (১২ নভেম্বর) সুড়ঙ্গটি ধসে পড়লে সেখানে শ্রমিকরা আটকে পড়েন। অসংখ্য পাথরের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। তবে পাইপে করে শ্রমিকদের খাদ্য, পানি ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, শ্রমিকদের উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে। কিন্তু প্রাকৃতিক কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নতুন করে ধস নামায় উদ্ধারকর্মীরা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। নয়াদিল্লি থেকে নতুন ড্রিল মেশিন নিয়ে এসে নতুন উদ্যমে ফের উদ্ধারের কাজ শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে।
উত্তরকাশী জেলার ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা জানান, পরিকল্পনা অনুযায়ীও কাজ চললে বুধবারের (১৫ নভেম্বর) মধ্যেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যেতে পারে।
আটকে পড়া শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্র : রয়টার্স, এনডিটিভি