প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। ছবি : সংগৃহীত
ইউক্রেনের জন্য ডিসেম্বর মাস বেশ গুরুত্বপূর্ণ। এ মাসেই জানা যাবে এ যুদ্ধ কোন দিকে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসিকে এসব কথা বলেছেন। সাক্ষাৎকারটি শুক্রবার (১০ নভেম্বর) সম্প্রচার করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে মাখোঁ বলেন, এখনো উপযুক্ত সময় আসেনি। তবে হ্যাঁ, আগামীতে উপযুক্ত সময় এলে ন্যায্য শান্তি চুক্তি হতে কোনো সমস্যা নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ দাবি করে, মস্কোর সঙ্গে আলাপ শুরু করার জন্য কিয়েভের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন পশ্চিমা কূটনীতিকরা। কিন্তু জেলেনস্কি এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছেন।
গত জুনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। এ জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল সামরিক সরঞ্জাম ও সহায়তা দেয়। সাথে ছিল কূটনৈতিক ও গোয়েন্দা সহায়তা। কিন্তু ইউক্রেনের পাল্টা হামলা অচলাবস্থায় পৌঁছেছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সম্প্রতি জানান, পাল্টা হামলায় ইউক্রেন ৯০ হাজারের বেশি সেনা হারিয়েছে। তার বিপরীতি উল্লেখযোগ্য কোনো হৃত ভূখণ্ড উদ্ধার করতে পারেনি। একই সময়ে পশ্চিমাদের দেওয়া প্রায় ৬০০ ট্যাংক ও ১ হাজার ৯০০ সাঁজোয়া যান হারিয়েছে।
সূত্র : আরটি, বিবিসি