× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ২০-২১ নভেম্বর কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

নয়াদিল্লিতে ধোঁয়াশার দৃশ্য। ৬ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে ধোঁয়াশার দৃশ্য। ৬ নভেম্বর তোলা। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ ও শপিংমল। এ অবস্থায় বায়ুমান বাড়াতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তা করছে দিল্লির শাসক আম আদমি সরকার। কানপুর আইআইটির বিজ্ঞানীদের সঙ্গে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনাও হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এ পরিকল্পনার কথা জানান। 

গোপাল রাই বলেন, দূষণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্লাউড সিডিং তথা কৃত্রিম বৃষ্টির সম্ভাবনা নিয়ে আইআইটি কানপুর দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকে বিজ্ঞানীরা এই প্রস্তাব পেশ করেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাঁরা সরকারের কাছে বিস্তারিত প্রস্তাব পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বাতাসে জলীয়বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব বলে জানান আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে। বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে শীর্ষ আদালতে দিল্লি সরকার শিগগিরই প্রতিবেদন জমা দেবে।

শীতের শুরু থেকেই সাধারণত দিল্লির বাতাস মারাত্মকভাবে দূষিত হতে থাকে। এই দূষণের প্রধান কারণ দিল্লির সংলগ্ন পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের গ্রামগুলোতে কৃষকদের খড় পোড়ানো। ধান বা গমের খেতগুলো থেকে শীতের শুরুতে ফসল তোলার পর পরবর্তী চাষের জন্য জমিকে প্রস্তুত করতে ধান-গমের গাছের গোড়া পুড়িয়ে দেন কৃষকেরা।

দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় গত কয়েক দিন ধরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে, এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা