প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৭:২৮ পিএম
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনোভা শহর থেকে তাকে সম্প্রতি আটক করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার বাংলাদেশি যুবকের নাম ফয়সাল রহমান। তার বয়স ২১ বছর। প্রায় দুই বছর ধরে ফয়সাল জেনোভার সেস্ত্রি পনেন্তে এলাকায় একটি জাহাজ নির্মাণ কোম্পানির কারখানায় কাজ করেন।
বিবৃতিতে জেনোভা পুলিশ জানায়, ফেসবুকে নিজেকে একজন ‘আল-কায়েদা প্রেমিক’ হিসেবে পরিচয় দিত ফয়সাল। তা ছাড়া অনলাইনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণু কার্যকলাপের’ ভিডিও এবং বার্তা পোস্ট করেছিলেন ওই যুবক।
ফয়সাল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত। টিটিপি আল-কায়েদা মতাদর্শের একটি সংগঠন। এটি পাকিস্তানে নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র এটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে।
ফয়সাল একে-৪৭ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র চালনা এবং লড়াইয়ের কৌশল শিলেছিলেন। ২০২১ সাল থেকে ইতালির পুলিশ তার ওপর নজরদারি শুরু করে।
সূত্র : এএফপি