প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:১১ পিএম
আহত কোঠা প্রভাকর রেড্ডিকে হাসপাতালে দেখতে যান তেলেঙ্গানআর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ছবি : সংগৃহীত
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডি নির্বাচনী প্রচারণা চালানোর সময় ছুরিকাঘাতের শিকার হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) রাজ্যের সিদ্দিপিত ডিস্ট্রিক্টের সুরামপল্লী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সুরামপল্লী গ্রামে এক ধর্মযাজকের বাড়িতে নির্বাচনী প্রচারণায় যান প্রভাকর রেড্ডি। ওই বাড়িতে থেকে নিজের গাড়িতে ফেরার সময় এক ব্যক্তি রেড্ডির সঙ্গে হ্যান্ডশেক করার মতো করে এগিয়ে যায়। গিয়েই রেড্ডির তলপেটে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতকারী ব্যক্তির নাম সি রাজু বলে জানা গেছে। একটি সাধারণ ছুরি দিয়েই সে হামলা চালায়।
আঘাত করার সঙ্গে সঙ্গেই রেড্ডি দেহরক্ষীরা রাজুকে ধরে ফেরে। পুলিশে সোপর্দ করার আগে তাকে ব্যাপক মারধর করে।
সিদ্দিতের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রেড্ডিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।
৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর।
সূত্র : স্ক্রলডটইন