প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৬:২৩ পিএম
মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনাদের আগামী মাস তথা নভেম্বরেই মালদ্বীপ ছাড়তে হতে পারে। কারণ দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু ফের জোর দিয়ে এ কথা বলেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি মুইজ্জু এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার (২৩ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।
মুইজ্জু বলেন, ’বিদেশি কোনো সেনাবাহিনীর বুট আমরা মালদ্বীপের মাটিতে দেখতে চাই না। আমি মালদ্বীপের জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব গ্রহণের একদম প্রথম দিন থেকেই আমি সে প্রতিশ্রুতি পূরণে কাজ করব।’
সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইব্রাহিম মুহাম্মদ সহিলকে হারিয়ে দেন দেশটির বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুহাম্মদ মুইজ্জু। নভেম্বরের শেষ দিকে তার শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
মুইজ্জু জানান, নির্বাচনে জয়লাভের কয়েক দিন পরই তিনি মালদ্বীপে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। তাকে ভারতীয় সেনাদের সরানোর বিষয়টি তিনি স্পষ্ট করেছেন।
ভারত মহাসাগরের ছোট্ট এই দ্বীপরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের প্রভাব বলয়ের মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ সহিল ভারতপন্থি হিসেবে পরিচিত। ২০১৮ সালে ক্ষমতাগ্রহণের পর তিনি দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।
অন্যদিকে মুইজ্জু ও তার দলীয় জোট চীনপন্থি হিসেবে পরিচিত। তাই মালদ্বীপের গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে এশিয়ার আঞ্চলিক দুই পরাশক্তির প্রভাব বিস্তারের লড়াই হিসেবেও দেখা হয়েছিল। সেই লড়াইয়ে আপাতত দৃষ্টিতে ভারত হেরে গেছে।
নির্মাণ প্রকল্পের দায়িত্বে মালদ্বীপে ভারতের কিছু সেনাসদস্য রয়েছে। তবে তা কত তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : বিবিসি।