প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৩:১৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৩:২৭ পিএম
গাজা সীমান্তে ট্যাংক পুনর্বিন্যাস করছে ইসরায়েলের সেনারা। ছবি : সংগৃহীত
মিসরের একটি সীমান্ত পোস্টে ভুলক্রমে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মিসরের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত সাত সদস্য আহত হয়েছে। ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
জানা গেছে, রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে মিসরের সীমান্ত অঞ্চল কেরেম সালামের একটি পোস্টে ইসরায়েলের একটি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়। সীমান্ত এলাকাটি গাজার দক্ষিণ, মিসরের উত্তর ও ইসরায়েলের দক্ষিণ-পূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে।
এক বিবৃতিতে মিসরের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল গারিব আব্দেল-হাফেজ গারিব বলেন, হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন। এজন্য ইসরায়েল দুঃখ প্রকাশ করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে এক বিবৃতিতে আইডিএফ জানায়, এ ঘটনার জন্য আমরা দুঃখিত। এটা ভুলক্রমে হয়েছে। আমরা পুরো ঘটনা তদন্ত করছি।
এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন ওই অঞ্চলের রাফা ক্রসিং হয়ে মিসর থেকে গাজায় ত্রাণ প্রবেশ করছে। শনিবার মিসরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ২০টি ও পরদিন আরও ১৪টি ট্রাক প্রবেশ করেছে।
কিন্তু গাজার চাহিদা মেটানোর জন্য দৈনিক ১০০ এবং মোট ২ হাজার ত্রাণবাহী ট্রাক ঢোকা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় এ পর্যন্ত যে ত্রাণ প্রবেশ করেছে তা চাহিদার মাত্র ৩ শতাংশ বলেও মন্তব্য করেছে আন্তর্জাতিক সংস্থাটি।
সূত্র : আলজাজিরা, আরটি।