× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছরের স্বেচ্ছানির্বাসন শেষে পাকিস্তানে নওয়াজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২২:০৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ। ছবি : সংগৃহীত

লন্ডনে চার বছরের স্বেচ্ছানির্বাসন শেষে দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ। লন্ডন থেকে দুবাই হয়ে শনিবার (২১ অক্টোবর) ইসলামাবাদে পৌঁছান শের-ই পাকিস্তান খ্যাত এই নেতা। আইনি কাজকর্ম শেষ করে সেখান থেকে নিজ শহর লাহোরে পৌঁছান বিকালে। লাহোরের মিনার-ই পাকিস্তানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল তার।

নওয়াজ শরিফের আইনজীবীরা এবং পিএমএল-এনের নেতারা ইসলামাবাদের বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এই প্রত্যাবর্তনের দিনকে তার মেয়ে মরিয়ম নওয়াজ ‘জীবনের সবচেয়ে বড় দিন’ বলে উল্লেখ করেছেন।

২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেন। কারাগারে থাকা অবস্থায় ২০১৯ সালে তিনি লাহোর হাইকোর্টে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করলে ওই বছরই দেশ ছাড়েন নওয়াজ।

পাকিস্তানে সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পর ২০১৮ সালের আগস্টে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জোট সরকার যাত্রা শুরু করে। তখন আর নওয়াজের দেশে আসার উপায় ছিল না। পিটিআই সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে তিনি দেশে ফেরেননি। তবে গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা আস্থা ভোটে হেরে ইমরানের সরকার ক্ষমতা হারায়। পরে নওয়াজের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে। গত বৃহস্পতিবার নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তিনি দেশে ফেরার ঘোষণা দেন।

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীন আগামী বছর জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পিএমএল-এনকে নেতৃত্ব দিতে দেশে ফিরেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সূত্র : দ্য ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা