প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৪:২২ পিএম
প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার নবনির্বাচিত অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে। এর মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশটির দায়িত্ব কাঁধে নিলেন বর্ষীয়ান এ নেতা। খবর বিবিসির।
আজ স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পার্লামেন্ট কমপ্লেক্সে কড়া নিরাপত্তায় শপথ গ্রহণ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি ভালো চোখে দেখেনি জনগণ। তবে বিক্ষোভকারীদের কিছু অংশ বলছে তারা রনিলকে এবার সুযোগ দিতে চায়।
গতকাল (২০ জুলাই) বুধবার দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন ২২৩ এমপি। এর মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়। ১৩৪ ভোট পেয়ে প্রেসিডেন্টের পদ পাকাপোক্ত করে নেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এছাড়া বাকি দুই প্রতিদ্বন্দ্বী ডালাস আলাহাপেরুমে পেয়েছেন ৮২ ভোট এবং অনুরা কুমারা দেশনায়েক পেয়েছেন ৩ ভোট।
বর্তমানে দেশটিতে এখনো চলমান রয়েছে প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন। চলমান বিক্ষোভের মধ্যেই শপথ গ্রহণ করে নবনির্বাচিত এ প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।