× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় বিভীষিকা, সীমান্তে শত শত ইসরায়েলি ট্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ০৯:৩৮ এএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১১:২১ এএম

গাজায় বিভীষিকা, সীমান্তে শত শত ইসরায়েলি ট্যাংক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বিভীষিকা। জল, স্থল ও আকাশ থেকে মুহুর্মুহু ফেলা হচ্ছে বোমা। এরই মধ্যে ৭৮০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সংকটাপন্ন শত শত শিশু। নজিরবিহীন সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান ও লেবানন। এ ধরনের অভিযান হলে আরও কয়েকটি ফ্রন্টে যুদ্ধ শুরু হবে এবং তেল আবিবকে তা মোকাবিলা করতে হবে বলে তারা হুমকি দিয়েছে। 

আল-আকসা মসজিদ ও পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডব চালানোর জবাবে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিমানবাহিনী। গাজা সীমান্তজুড়ে ট্যাংকসহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি বাহিনীতে যুক্ত করা হয়েছে সাড়ে তিন লাখ সংরক্ষিত সেনা।

এরই মধ্যে গত শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। তাতে বলা হয়েছে, জল, স্থল ও আকাশÑ তিন দিক দিয়েই হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে হামলার সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও দেশটির সেনাসদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। নেতানিয়াহু তাদের বলেন, গাজায় হামলার পরবর্তী ধাপ শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরেও স্থল হামলা নিয়ে একই ইঙ্গিত দেওয়া হয়েছে।

স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে কয়েক লাখ ইসরায়েলি সেনা। তাদের স্থল অভিযানের হুমকির মুখে গাজার উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে পালাচ্ছেন বাসিন্দারা।

গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২ হাজার ৩২৯ জন প্রাণ হারিয়েছেন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। ২০১৪ সালে ৫১ দিনের যুদ্ধে ফিলিস্তিনে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, তার চেয়ে বেশি মানুষকে এই আট দিনে হত্যা করেছে ইসরায়েল।

ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। আর ইসরায়েল থেকে ১২৬ জনকে ধরে এনে গাজায় জিম্মি করেছেন হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের পশ্চিম তীরের অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ইসরায়েলি নিহত ও দুজন আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলা চালানোর পর দেশটির সীমান্তবর্তী চার কিলোমিটার এলাকায় লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হামাস বলেছে, তাদের তিন যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকেছিলেন এবং পরে তারা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রিয়াদে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ইসরায়েল ও হামাসের সংঘাত নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।

কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

ইসরায়েলের সমর্থনে ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরি 

হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। বরিবারও উভয়পক্ষ হামলা-পাল্টাহামলা চালিয়েছে। এতে দুই পক্ষকেই সমর্থন এবং সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। গত সপ্তাহে এই সংঘাত শুরুর পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরি পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চলমান সংঘাতে উত্তেজনার পারদ আরও বৃদ্ধি পাওয়ায় ইসরায়েলের জন্য ভূমধ্যসাগরে আরও একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরি ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হয়েছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরির সঙ্গে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা