প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১০:৫৩ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১১:০৮ এএম
ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন।
দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের যুদ্ধ পরিস্থিতি ‘কঠিন’ এবং সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে হবে মন্তব্য করেছেন ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন।
‘সিরিয়ার কসাই’ হিসেবে খ্যাত এই জেনারেল দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা হিমার্স রকেট ব্যবহার করে শহরের বেসামরিক অবকাঠামো এবং বাসস্থানে আঘাত করছে। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনী সর্বোপরি জনগণের নিরাপদ স্থানান্তর নিশ্চিত করবে।’
জেনারেল সুরোভিকিন বলেছেন, ‘সামগ্রিকভাবে বিশেষ সামরিক অভিযানে খেরসনের পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ হিসেবে বর্ণনা করা যেতে পারে।’
খেরসনে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তা কিরিল স্ট্রেমাসভ সে অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘খুব শিগগির ইউক্রেনীয় সেনারা শহরটিতে আক্রমণ শুরু করবে। অনুগ্রহ করে আমার কথাগুলো গুরুত্ব সহকারে নিন। আমি যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার কথা বলছি।’
তিনি আরও বলেন, ‘ডিনিপারের পশ্চিম তীরে নদীর লোকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল।’
একটি ভিডিও বার্তায় এই অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদোরও বিষয়টি নিশ্চিত করেছেন।
খেরসনই ছিল প্রথম বড় শহর যা রাশিয়ানরা ফেব্রুয়ারিতে দখল করে নেয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বাহিনী ক্রমাগতভাবে খেরসনের আশপাশের এলাকা দখল করে নিচ্ছে। তারা রাশিয়ান সেনাদের ফাঁদে ফেলার হুমকি দিয়ে ডিনিপার বরাবর ৩০ কিলোমিটার দক্ষিণে ঠেলে দিয়েছে।
ক্রেমলিন এখন খেরসন এবং অন্য তিনটি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ বলে দাবি করেছে। যদিও এই দাবি আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রবা/জিজি/ আআ