কলকাতা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১১:২৪ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৫:০৮ পিএম
সিকিমে মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। ছবি : সংগৃহীত
ভারতের সিকিম রাজ্যে মেঘভাঙা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় অন্তত ২৩ সেনা নিখোঁজ হয়েছেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলটিতে কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত তিস্তায় অতিরিক্ত পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃষ্টিতে সিকিমের চুংথাম এলাকায় প্রাকৃতিক জলাধার ফেটে বিধ্বস্ত উত্তর সিকিম। জলাধারের পানি গিয়ে ঢুকছে তিস্তায়।পাহাড়ে তিস্তার ভয়ঙ্কর রূপ। বিপদসীমার উপরে তিস্তা। কালিম্পংয়ে ভেসে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক। ভেসে গিয়েছিল বাংলা-সিকিম লাইফলাইন, ১০ নম্বর জাতীয় সড়ক। চুংথামে ভেঙে গিয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম।নর্থ সিকিমের সিংতামের কাছে তিস্তায় প্রবল জলোচ্ছ্বাস। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ সেনা ছাউনি।
সেনার তরফে জানা গিয়েছে, আজ সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে জল প্রবেশ করে। রীতিমত জলের তাণ্ডব চলে সেখানে। তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছে না ২৩ জওয়ানের। তাঁরা ভেসে গিয়েছে নাকি পাহাড়ের খাদে পড়ে গিয়েছে তা জানতে পারা যায়নি। শুরু হয়েছে তল্লাশি। এর মধ্যে আবার ধস নামতে শুরু হয়েছে। এত বড় ঘটনা সিকিমের বুকে এই প্রথম জানাচ্ছেন সেনাবাহিনী।
এদিকে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ভেঙে যাওয়ায় জলপাইগুড়ি র তিস্তায় দু-কূল ছাপিয়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সমতলে। বিপদ এড়াতে নদীর পারের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে।
আজ বুধবার সকাল সাত’টা নাগাদ গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সকাল ৯টায় ২ লক্ষ ৫১হাজার ৫৩৫কিউসেক পানি ছাড়া হয়েছে। যা এখনও পর্যন্ত এ বছরের পরিমানের অঙ্কে সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।