প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৫:১৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৬:৫৭ পিএম
টুকরো টুকরো হয়ে পড়ে থাকা হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থস্থানের কাছে ছয় তীর্থযাত্রী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গারুচাট্টির কাছে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির সিইও রবি শঙ্কর বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও ছয় তীর্থযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে খারাপ আবহাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আরও বিশ্লেষণের পর এর প্রকৃত কারণ জানা যাবে।
দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।
এভিয়েশন রেগুলেটর কর্মকর্তারা জানিয়েছেন, গারুচাট্টির কাছে হেলিকপ্টারে আগুন লাগার আগে বিকট শব্দ শুনেছেন এলাকার মানুষ।
এনডিটিভি তাদের সোর্সের বরাতে জানিয়েছে, মেঘলা আবহাওয়ার কারণে দিল্লিভিত্তিক আরিয়ান এভিয়েশনের বেল ৪০৭ হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাপের চেষ্টা চলছে।
প্রবা/এনএস/টিকে/জেও