নাৎসিকে সম্মাননা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৩ পিএম
কানাডার হাউস স্পিকার অ্যান্টনি রোটা। ছবি : সংগৃহীত
কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার অ্যান্টনি রোটা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার চলমান অধিবেশন শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
বুধবার এক বিবৃতিতে রোটা বলেন, সব কিছুর ওপরে আমাদের হাউসের মর্যাদা। তাই আমি সরে দাঁড়ালাম। আমি আমার ভুলের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) কানাডার পার্লামেন্টে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির ভাষণ শোনার জন্য পার্লামেন্টে ইয়ারোস্লাভ হুঙ্কাকে আমন্ত্রণ জানান রোটা। ৯৮ বছর বয়সি ইউক্রেনের নাগরিক হুঙ্কা হিটলারের ইয়ুথ ফোর্স বাফেন এসএসের সদস্য ছিলেন।
রোটা পার্লামেন্টে হুঙ্কার প্রশংসা করে বলেন, হুঙ্কা ইউক্রেনের হিরো, কানাডারও একজন হিরো। ইউক্রেনের স্বাধীনতার জন্য তিনি রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
রোটা যখন হুঙ্কার প্রশংসা করেন তখন পার্লামেন্টে উপস্থিত সব পার্টির আইনপ্রণেতারা হাততালি দেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও হাততালি দেন। ট্রুডো ও রোটা একই দল লিবারেল পার্টির সদস্য।
কিন্তু পরবর্তীতে বার্তা সংস্থা এপি জানায়, হুঙ্কা ১৯৪৩ সালে বাফেন এসএসের সদস্য ছিলেন। হিটলারের এই সংগঠনটি পোল্যান্ড ও ইউক্রেনে ইহুদিদের ওপর সীমাহীন নিপীড়ন চালিয়েছিল।
এই ঘটনা প্রকাশ হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ কানাডার সমালোচনা করতে থাকে। বিশেষ করে রাশিয়া ও পোল্যান্ড কানাডার এই অবিমৃশ্যকারিতার তীব্র প্রতিবাদ জানায়।
কানাডার কিছু রাজনৈতিক দলও বিষয়টির প্রতিবাদ জানায়। তারা রোটার পদত্যাগের দাবি জানায়।
এ অবস্থায় সোমবার সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করেন রোটা। কিন্তু পদত্যাগে অস্বীকৃতি জানান। অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার বিকালে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন রোটা।
সূত্র : আরটি