প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৬ পিএম
আজারবাইজানের কারাবাখ অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে ২৫ সেপ্টেম্বর এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
আজারবাইজানের বিতর্কিত কারাবাখ অঞ্চলের একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০০ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাবাখে ওই বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের কাছে জ্বালানি স্টোরেজ ডিপোতে বিস্ফোরণে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
আজারবাইজানের সাম্প্রতিক সামরিক অভিযানের পর হাজার হাজার আর্মেনীয় নাগোর্নো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় আশ্রয় নিয়েছে।
আর্মেনিয়ান সরকারের তথ্যমতে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ১৩ হাজার ৫৫০ জনেরও বেশি জাতিগত আর্মেনীয় নাগোর্নো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় আশ্রয় নিয়েছে। মস্কো বলেছে, নাগোরনো-কারাবাখের রাশিয়ান শান্তিরক্ষীরা এসব মানুষকে সরিয়ে নিতে সহায়তা করছে।
গত ২৪ সেপ্টেম্বর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নাগোর্নো-কারাবাখের অবস্থা অত্যন্ত নাজুক। সেখানে কোনো আর্মেনীয় থাকবে না। কারণ তারা কোনোভাবেই আজারবাইজানের শাসনের অধীনে থাকতে চায় না। তারা জাতিগত হত্যাযজ্ঞের ভয় রয়েছে। সেখানে বসবাসকারী প্রায় ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় তাদের পূর্বপুরুষদের আবাসভূমি ছেড়ে আর্মেনিয়ায় চলে আসবে।
সূত্র : আলজাজিরা