প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৪:৫৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৫:১০ পিএম
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে দক্ষিণ কোরিয়ার ধর্মীয় সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে জনবিক্ষোভের মধ্যে সোমবার (১৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইউনিফিকেশন গির্জাটির তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফ্যামিলি ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড পিস এন্ড ইউনিফিকেশন নামের ওই গির্জাটিতে 8 জুলাই দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই তদন্ত করছে। দেশটির শিক্ষামন্ত্রী কেইকো নাগাওকা বলেছেন, তিনি ‘অবিলম্বে’ তদন্ত শুরু করবেন।
ইউনিফিকেশন চার্চ, জাপানে যার প্রায় এক লাখ সক্রিয় অনুসারী রয়েছে। গির্জাটি অবশ্য সকল অভিযোগ অস্বীকার করেছে।
আবে’র হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামি বলেছেন, তিনি ইউনিফিকেশন চার্চকে সমর্থনের জন্য জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রীকে হত্যা করেছিলেন।
৪১ বছর বয়স্ক আততায়ী তার পরিবারের আর্থিক অবস্থা ধ্বংসের জন্য ওই গির্জাকে দায়ী করেছেন। তার মা ওই গির্জার একজন অনুসারী ছিলেন। তিনি ওই গির্জার প্ররোচনায় প্রায় ১০০ মিলিয়ন ইয়েন দান করে দেউলিয়া হয়েছিলেন।
গির্জার সদস্যরা তাদের আত্মীয়দেরও অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসতে অনুরোধ করেছিলেন। রক্ষণশীল এলডিপির সঙ্গে গির্জাটির সংযোগের কারণে লোকজন ওই গির্জার সঙ্গে সম্পর্ক স্থাপনে ভরসা পেয়েছিল।
একটি অভ্যন্তরীণ পার্টি জরিপে দেখা গেছে, প্রায় এলডিপির ৩৭৯ জাতীয় সাংসদের চার্চের সঙ্গে সম্পর্ক রয়েছে।
কিয়োডো নিউজ এজেন্সির জরিপে দেখা গেছে, কিশিদার মন্ত্রিসভার জনসমর্থন ৩৫ শতাংশে নেমে এসেছে। গত বছর তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এটি সর্বনিম্ন সমর্থন।
প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, তিনি গির্জার প্ররোচনায় আর্থিক ক্ষতির শিকারের ‘বড়’ সংখ্যার কারণে তদন্তের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকার এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ প্রচুর সংখ্যক ভুক্তভোগীকে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি।’
জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, ইউনিফিকেশন চার্চ একটি ধর্মীয় করপোরেশন হিসেবে তার মর্যাদা হারাচ্ছে।
কিয়োডো আরও জানায়, ধর্মের স্বাধীনতার জন্য সাংবিধানিক বিধান লঙ্ঘনের উদ্বেগের কারণে কিশিদা আগে গির্জার কার্যকলাপের তদন্তের আদেশ দেওয়ার বিষয়ে সতর্ক ছিলেন।
প্রবা/জিজি/টিই