প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সংগৃহীত ফটো
রাশিয়া সফর শুরু করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশটিতে সফর শুরু করেন তিনি। চীনের এই শীর্ষ কূটনীতিক নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়া সফর করছেন। ইউক্রেন যুদ্ধের জন্য অব্যাহত সমর্থন চাইছে মস্কো। এ সময় নিরাপত্তা আলোচনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর তাৎপর্যপূর্ণ।
মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধের সময় পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন করার অভিযোগ রয়েছে। যদিও বরাবরই তা অস্বীকার করে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সংঘর্ষ ত্যাগের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।
রুশ মিডিয়া বলেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর পুতিনের জন্য শিগগিরই বেইজিংয়ে একটি যুগান্তকারী সফরের জন্য ভিত্তি তৈরি করবে। এই মাসের শুরুর দিকে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করছেন।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পর থেকে তিনি বিদেশ ভ্রমণ করেননি। পুতিন সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ এবং কিরগিজস্তান সফর করেছিলেন। ওই দুই সফরই ছিল তার সর্বশেষ বিদেশ সফর।
মস্কো যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে দুই দিনের বৈঠক করে চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাল্টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের পরপর রাশিয়ায় দুই দিনের সফরে গেলেন ওয়েং ই।