প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৭:৪২ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ১৮:৫৫ পিএম
মনীশ সিসোদিয়া। ছবি : সংগৃহীত
দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা মনীশ সিসোদিয়াকে সোমবার (১৭ অক্টোবর) নিজেদের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। মদের নীতিমালা সংক্রান্ত এক মামলায় তাকে তলব করা হয়েছে। কিন্তু সিবিআই কার্যালয়ে হাজির হলে সিসোদিয়াকে গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এএপি।
ভারতের অনলাইন গণমাধ্যম এনডিটিভি জানায়, ২০২১-২২ সালের মদের নতুন নীতিমালা সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সোমবার বেলা ১১টায় সিবিআইয়ের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এ নির্দেশ জারির পরপরই এক সংবাদ সম্মেলনে এএপির জ্যেষ্ঠ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন, ‘আগামীকাল (সোমবার) সিবিআই কার্যালয়ে হাজির হলে মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হবে। আর যে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। সামনে গুজরাটের বিধানসভা নির্বাচন। এতে বিজেপির সঙ্গে টেক্কা দেবে এএপি। তাই এএপিকে ঘায়েল করতেই এসব কিছু করা হচ্ছে।’
আলাদা এক বিবৃতিতে মনীশ সিসোদিয়া বলেন, ‘সিবিআই আমার বাসায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছুই পায়নি। ইতঃপূর্বে আমি সিবিআইকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আগামীতেও তা অব্যাহত থাকবে।’
জানা যায়, ২০২১-২২ সালের নতুন মদ নীতিমালা করে দিল্লি সরকার। এ নীতিমালার আওতায় গত নভেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৮৪৯টি মদের দোকানের অনুমোদন দেওয়া হয়। বিজেপির অভিযোগ, নতুন দোকান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কিন্তু এএপি তা অস্বীকার করে এবং চলতি বছরের ৩০ জুলাই ওই নীতিমালা স্থগিত করে।
এ পরিস্থিতিতে মদ নীতিমালায় অনিয়মের অভিযোগে ১৭ আগস্ট মনীশ সিসোদিয়া ও আর ১৪ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করে সিবিআই। এরপর সিসোদিয়াসহ সংশ্লিষ্ট অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি তদন্ত বিষয়ক সংস্থা সিবিআই। এসব তল্লাশিতে তেমন কিছু পাওয়া যায়নি।
প্রবা/টিএ/টিই