× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর ফাঁকির সর্বশেষ মামলায় খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী মারিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১০ পিএম

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসাকে কর ফাঁকির আরেকটি মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় শান্তিতে এই নোবেলজয়ীর নিউজ সাইট র‌্যাপলারকেও খালাস দেওয়া হয়েছে। এ নিয়ে কর ফাঁকির পাঁচ মামলার শেষটিতে খালাস পেলেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবং মাদকের বিরুদ্ধে তার মারাত্মক যুদ্ধের বিষয়ে ব্যাপক তদন্তের জন্য খ্যাতি অর্জন করেছিল র‌্যাপলার। মূলত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নামে দুতের্তে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাতেন মারিয়া রেসা ছিলেন তার ঘোর বিরোধী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রায় ঘোষণার পর রেসা সাংবাদিকদের বলেন, তার বেকসুর খালাস ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে একটি ‘ভালো সংকেত’ পাঠাবে। এ ছাড়া আদালতের রায়ে ‘স্বস্তি’ বোধ করার কথাও জানিয়েছেন তিনি।

রেসা বলেন, খালাস পাওয়াটা বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে। রাজনৈতিক হয়রানি ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ সত্ত্বেও আদালতে নিজেদের হাজির করার বিষয়ে আমাদের যে সংকল্প রয়েছে সেটি আরও শক্তিশালী হয়েছে।

অবশ্য নয় মাস আগে একই ধরনের ট্যাক্স চার্জ থেকে মুক্তি পাওয়ার পর এই মামলায় রেসার খালাস প্রত্যাশিতই ছিল। যদিও মারিয়া রেসা এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার বেশ বড় মেয়াদের কারাদণ্ড হতে পারত। রায় ঘোষণার পর রেসা বলেন, ‘আজ সত্যের জয় হয়েছে, ন্যায়বিচারের জয় হয়েছে।’

২০১৮ সালে মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠান র‌্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে ফিলিপাইন সরকার। এতে বলা হয়, রেসা এবং তার প্রতিষ্ঠান র‍্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই অভিযোগেই তার বিরুদ্ধে কর জালিয়াতির মামলা হয় এবং সেই মামলায় জামিনে ছিলেন রেসা।

মারিয়া রেসা হলেন র‌্যাপলারের প্রধান এবং ২০২১ সালে একজন রাশিয়ান সাংবাদিকের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।

সূত্র : আলজাজিরা, রয়টার্স



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা