প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১২:৪৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ১৩:৫০ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে প্রত্যাখ্যান করে তা ‘প্রকৃতপক্ষে ভুল ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘আমি যা মনে করি, সেটি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’
বাইডেনের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে শনিবার ইসলামাবাদে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকেও তলব করে ইসলামাবাদ।
এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছোড়া উচিত; যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।’
জো বাইডেনের মন্তব্য পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ইতিবাচক পারস্পরিক আলোচনার যে পথে রয়েছি, সেটি অব্যাহত রাখব।’
পিএমও প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আন্তরিক ইচ্ছা পোষণ করে পাকিস্তান। তাই ‘অপ্রয়োজনীয় যেকোনো মন্তব্য’ এড়িয়ে চলা উচিত দেশটির।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ বিষয়ে একটি টুইটবার্তা প্রকাশ করেন। এতে তিনি লেখেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমাদের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে বলে আমরা গর্ববোধ করি। আমরা অত্যন্ত গুরুত্বসহকারে এ নিরাপত্তা ব্যবস্থা মেনে চলি। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।’
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও এক টুইটবার্তায় বাইডেনের মন্ত্যবের প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র হিসেবে পাকিস্তান আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র। আমরা ঐতিহাসিকভাবে যে রাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়ে সহায়তা করেছি এখন তাদেরই কমান্ডার ইন চিফ ভুলবশত আমাদের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বিষয়ে প্রশ্ন তুলছে।’
প্রবা/এনএস/এমজে