প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১১:২১ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩১ এএম
ঘূর্ণিঝড় দানিয়েল লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরকে দুমড়ে-মুচড়ে দিয়েছে। ছবি : সংগৃহীত
লিবিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে সোমবার (১১ সেপ্টেম্বর) এ বিপর্যয়কর ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে গেলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে শহরটির কোনো কোনো এলাকা প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়।
পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানান, প্রায় ২ হাজার মানুষ মারা গেছে বলে আমরা আশঙ্কা করছি। তা ছাড়া আরও কয়েক হাজার এখনও নিখোঁজ রয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে অঞ্চলটির সামরিক বাহিনীর মুখপাত্র আহমদ আল-মসমারিও একই ধরনের তথ্য দিয়েছেন। তার মতে নিখোঁজের সংখ্যা ৫ থেকে ৬ হাজার।
তবে প্রধানমন্ত্রী ওসামা হামাদ বা সামরিক মুখপাত্র আহমদ আল-মসমারি কোন সোর্সের ভিত্তিতে এত মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে বলে দাবি করেছেন তা জানা যায়নি।
এদিকে বেনগাজিভিত্তিক রেড ক্রিসেন্টের প্রধান কাইস ফাকেরির তথ্যমতে, ঘূর্ণিঝড় দানিয়েলের কারণে অন্তত ১৫০ জন নিহত হয়েছে।
লিবিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ এ বন্যায় দেরনা শহর প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র : আলজাজিরা