প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:১০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৮ পিএম
তানিনথারি টাউনশিপ পিপলস ডিফেন্স ফোর্সের বাহিনী। ছবি : সংগৃহীত
মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে পিপলস ডিফেন্স
ফোর্স গ্রুপ (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) গত চার দিনের হামলায় ৫০ জন জান্তা
সেনা নিহত হয়েছেন।
পিডিএফ ও ইএও সংগঠনের বরাত দিয়ে দ্য
ইরাবতি জানায়, সাগাইং, ম্যাগওয়ে, মান্দালে ও তানিনথারি অঞ্চলে এবং চিন, শান, সোম ও
কারেন রাজ্যে এই হামলাগুলো বিচ্ছিন্নভাবে সংগঠিত হয়।
মিয়ানমারের একটি প্রতিরোধগোষ্ঠী জানায়,
বুধবার (৬ সেপ্টেম্বর) সাগাইং অঞ্চলের কিয়াউক গ্রামের কাছে ইউনিয়ন লিবারেশন ফ্রন্ট
(ইউএলএফ) ও ১০০ সৈন্যের একটি সামরিক ইউনিটের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইয়ানমাবিন
টাউনশিপে পাঁচজন জান্তা সেনা নিহত হন। পাশাপাশি ছয়জন সেনা আহত হন বলেও জানায় তারা।
এদিকে বেসামরিক জাতীয় ঐক্য সরকারের
প্রতিরক্ষা মন্ত্রণালয় (এনইউজি) জানায়, পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপের (পিডিএফ) তিনটি
দল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে মান্দালয় অঞ্চলের সিন্টগু
টাউনশিপের শোয়েপাই গ্রামের পুলিশ স্টেশনে একটি হামলা চালায়। পরে কয়েক মিনিট ধরে ওই
থানায় বন্দুকযুদ্ধ চলে। এতে থানার পুলিশ প্রধানসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সোমবার
মাদায়া টাউনশিপের মান্দালয় অঞ্চলের একটি গ্রামে তিনটি স্থানীয় প্রতিরোধগোষ্ঠী যৌথভাবে
স্থলমাইন ব্যবহার করে ৬০ জন সৈন্যের একটি সামরিক ইউনিটের ওপর অতর্কিত অভিযান চালায়। এই হামলায়ও ১৫ জন জান্তা সেনা নিহত হন।
অন্যদিকে বাকি অঞ্চলগুলোতে স্থলমাইন ও ভারী বিস্ফোরক ব্যবহার করে আরও সেনা হত্যার তথ্য জানিয়েছে মিয়ানমারের পিপলস
ডিফেন্স অর্গানাইজেশন নামের একটি সংগঠন।
সূত্র : দ্য ইরাবতি