প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৫:২১ পিএম
মনোনয়নপত্র জমা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়
ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। খবর আনন্দবাজারের।
আজ সোমবার (১৮ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।
তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এনডিএ প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে ধনখড়কে। এর পরই রোববার বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দেন তিনি।
পেশায় আইনজীবী, প্রাক্তন সংসদ সদস্য ধনখড় ২০১৯ সালের আগস্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। রাজভবনে ধনখড় পা রাখার পর থেকেই নানা বিষয়ে বাংলার সরকারের সঙ্গে তার সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল বনাম বাংলার শাসকদলের বাক্যুদ্ধে সরগরম ছিল রাজনীতির ময়দান।
খুব শীঘ্রই জগদীপ সমস্ত দলের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করবেন।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই এবং নির্বাচন হবে ৬ আগস্ট। আগামী ১০ আগস্ট শেষ হচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ।