প্রবা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১১:৫৮ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৪:২১ পিএম
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
আরব নিউজ জানিয়েছে, এরপরই সৌদি আরব ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।
ক্রাউন প্রিন্স বলেন, সৌদি আরব মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যেতে এবং উত্তেজনা প্রশমনে অবদান রাখে এমন সবকিছুকে সমর্থন করতে প্রস্তুত।
ফোন কলে জেলেনস্কি ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে রিয়াদের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স এবং সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি জাতিসংঘের আট মাসের দীর্ঘ সংঘাতের সময় রাশিয়ার সংযুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলের ওপর ক্রেমলিনের দাবিকে স্বীকৃতি না দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব।
জেলেনস্কি আরও বলেছেন, তিনি এবং যুবরাজ মোহাম্মদ আরও যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
গত মাসে সৌদি ক্রাউন প্রিন্স রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের দশজন বন্দির মুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি এবং যুবরাজ সৌদি আরব থেকে ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছেন।
প্রবা/জিজি/টিই