প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৬:২৯ পিএম
আদিত্য এল১ হবে সূর্য অধ্যয়নের জন্য প্রথম মহাকাশ-ভিত্তিক ভারতীয় মিশন। ছবি : সংগৃহীত
ভারতের সৌরযান ‘আদিত্য-এল১’ উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২ সেপ্টেম্বর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার (২৮ আগস্ট) মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরো জানায়, আদিত্য এল১ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে সাধারণ মানুষ আদিত্য-এল১ উৎক্ষেপণ উপভোগ করতে পারবে।
আদিত্য এল১ সূর্যের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য ভারতের তৈরি প্রথম সৌরযান। ক্রোমোস্ফিয়ার ও করোনাসহ সূর্যের উপরের বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা পরীক্ষা করাই হবে এই মিশনের প্রধান লক্ষ্য। পাশাপাশি সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যাও খতিয়ে দেখবে আদিত্য এল১।
সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ এল১ বিন্দু থেকে আদিত্য-এল১ সৌর করোনা পর্যবেক্ষণ করবে। ল্যাগ্রেঞ্জ বিন্দুটি পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত।
এনডিটিভি জানায়, ভারতের প্রথম এই সৌর মিশন পিএসএলভি-সি৫৭ রকেটে করে উৎক্ষেপণ করা হবে।
ভারতের সম্প্রতি চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ গোলার্ধে পাঠিয়েছে। যানটির রোভার চাঁদের ওই অংশের নানা ছবি ও তথ্য পাঠাচ্ছে। চাঁদের ওই অংশে এই পর্যন্ত আর কোনো দেশের যান অবতরণ করতে পারেনি।
সূত্র: এনডিটিভি