প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১০:৪৭ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১১:১৯ এএম
হিজাবের পর শ্রেণিকক্ষে এবার আবিয়াও নিষিদ্ধ করল ফ্রান্স। ছবি : সংগৃহীত
ফ্রান্সের সরকারি স্কুলে মুসলিম নারী শিক্ষার্থীদের আবিয়া বা আলখাল্লা পরিধান নিষিদ্ধ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর হবে। দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আতাল সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।
সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে আবিয়া পরিধানের আর অনুমতি দেওয়া হবে না। এটা সিদ্ধান্ত হয়েছে। শ্রেণিকক্ষে শুধু পোশাক দেখেই কোনো শিক্ষার্থীর ধর্ম শনাক্ত করা যাক, তা আমরা চাই না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজাজিরা জানায়, ফ্রান্সের স্কুলে আগে থেকেই খ্রিস্টানদের বড় ক্রস পরা, ইহুদি শিক্ষার্থীদের মাথায় কিপ্পা বা টুপি পরা এবং মুসলমান নারীদের মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে।
২০১০ সাল থেকে জনপরিসরে বা রাস্তাঘাট, অফিস-আদালতে সম্পূর্ণ মুখ ঢাকাও নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। সরকারের এ সিদ্ধান্ত দেশটির মুসলমানদের নাখোশ করেছে। প্রায় ৫০ লাখ মুসলমানের বাস ফ্রান্সে।
ইউরোপের অন্য দেশের মতো ফ্রান্সে গত এক দশকে ডান ও চরম ডানপন্থিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের মধ্যে হিজাব বা আবিয়া নিষিদ্ধের জোর দাবি রয়েছে। অন্যদিকে দেশটির উদার ও বামপন্থিরা হিজাব, আবিয়া বা অন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ করাকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে।
সূত্র : আলজাজিরা, রয়টার্স