প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৮:৫০ পিএম
রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
রাশিয়া বিরোধী পশ্চিমারা মস্কোর সতর্ক সংকেত উপেক্ষা করে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাস ও রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
শনিবার (২৬ আগস্ট) তাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘সত্যি কথা বলতে এইটা অবশ্যই ভালো হতো যদি তারা সেগুলো (সংকেত) শুনতে পেত। তাহলে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিতে পড়তে হতো না। যাই হোক, তারা আমাদের সংকেত শুনতে ব্যর্থ হয়েছে।‘
ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের দিকে ইংগিত করেই এমনটি বলেছেন মেদভেদেভ।

পুরো সাক্ষাৎকারটি এখনও প্রকাশ করেনি তাস বা রাশিয়া টুডে
কেউই। তবে এবারই প্রথম নয় -ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকবার পারমাণবিক
সংঘাতের শঙ্কার কথা ব্যক্ত করতে দেখা গেছে পুতিনের এই ঘনিষ্ঠ মিত্রকে।
তিনি আগেও বলেছেন, পরমাণু অস্ত্রধারী কোনো দেশের পরাজয়ের
অর্থ হলো এ অস্ত্রের ব্যবহার। রাশিয়া অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করবে
বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেশ কয়েকবার পরমাণু
অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেও ন্যাটো বলছে, এখন পর্যন্ত ক্রেমলিনের পক্ষ থেকে তেমন
কোনো প্রস্তুতির লক্ষণ নেই।
চলতি বছরেই রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে পরমাণু
অস্ত্র মোতায়েন করেছে ক্রেমলিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন,
ন্যাটো সদস্যভুক্ত দেশ দ্বারা আক্রান্ত হলে পরমাণূ অস্ত্র ব্যবহার করবে তারা।
সূত্র : তাস