× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেনের ডেমোক্রেটকে যুদ্ধবাজ আখ্যা দিয়ে দলত্যাগ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১০:২৪ এএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১১:০৪ এএম

তুলসী গ্যাবার্ড। ছবি : সংগৃহীত

তুলসী গ্যাবার্ড। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টিকে ‘যুদ্ধবাজ ও বর্ণবাদীদের দল’ আখ্যা দিয়ে দল ছেড়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য তুলসী গ্যাবার্ড।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী গ্যাবার্ড স্থানীয় সময় মঙ্গলবার টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি এ ঘোষণা দেন।

হাওয়াইয়ের সাবেক এই প্রতিনিধি সদস্য অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি একদল অভিজাত যুদ্ধবাজের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে।

গ্যাবার্ড বলেন, ‘আমি আর আজকের ডেমোক্রেটিক পার্টিতে থাকতে পারি না, যেটি এখন কাপুরুষোচিত উন্মাদনার মাধ্যমে যুদ্ধবাজদের সম্ভ্রান্ত চক্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে; যারা প্রতিটি ইস্যুকে বর্ণবাদী করে আমাদের বিভক্ত করে এবং বর্ণবাদ উসকে দেয়।’

এই ডেমোক্র্যাট আরও বলেন, ‘দল কাজ করছে পুলিশকে দিয়ে চক্রান্ত করাতে এবং আমেরিকার নাগরিকদের দেওয়া অর্থে অপরাধীদের সুরক্ষা দিতে।’

গ্যাবার্ডই প্রথম হিন্দু-আমেরিকান হিসেবে ২০২০ সালে বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দৌড়ে পিছিয়ে পড়েন তিনি।

এই ডেমোক্র্যাট এমন সময় এ অভিযোগ তুলছেন, যার এক মাস পর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন হবে। অর্থনীতি, যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে দেশটির প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির বিরোধ বর্তমানে চরমে।

এমনিতেই বিশ্বব্যাপী যুদ্ধের জন্য ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের শাসনামলে বেশিরভাগ যুদ্ধের সূচনা হয়েছে।

বর্তমান ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের একাংশ বাইডেনকে দোষারোপ করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলেছেন, ‘এ যুদ্ধের জন্য বাইডেন দায়ী। আমি ক্ষমতায় এলে এ যুদ্ধ হতো না।’

শুধু রিপাবলিকানরা নয়, বিশ্বের বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও বাইডেনদের উসকানির কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে।

গ্যাবার্ড বরাবরই বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে মার্কিন ভূমিকার জন্য ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বাধীন সরকারকে তুলাধুনা করেন তিনি।

অভিযোগ তুলে এই ডেমোক্র্যাট বলেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমন ঝুঁকি এর আগে কখনো এতটা ভয়াবহ অবস্থায় ছিল না।

তিনি অভিযোগ করেন, এই প্রশাসন আমেরিকার জনগণের কথা চিন্তা করে না।

প্রায় আধা ঘণ্টার ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের থেকে লুট করে ওয়াশিংটন অস্ত্র উৎপাদনকারী বৈশ্বিক ধনিক শ্রেণির স্বার্থ দেখছে, যখন আমরা গ্যাস, খাবার ও ভাড়া দেওয়ার জন্য সংগ্রাম করছি আর আমাদের সেনারা খাবারের জন্য স্ট্যাম্পে যাচ্ছে।’

এর আগে বারাক ওবামার সরকারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তুলসী গ্যাবার্ড। তার অভিযোগ ছিল, মৌলবাদীরাই যুক্তরাষ্ট্রের প্রধান, তা মানতে চায় না ওবামা সরকার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তবে গ্যাবার্ড নির্দিষ্ট করে কিছুই বলেননি যে তিনি এখন অন্য দলে যোগ দেবেন কি না।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা