প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৫:৪২ পিএম
দেশে ফেরার পর থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
কারাগারে থাকাবস্থায় অসুস্থ হলে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। থাকসিন দীর্ঘদিন
স্ব-নির্বাসন থেকে দেশে প্রত্যাবর্তনের পর পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করলে
মঙ্গলবার কারাগারে নেওয়া হয়েছিল। কারাগারে থাকসিন সিনাওয়াত্রারের প্রথম রাতেই তার
হৃদপিণ্ড ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দেখা দেয়।
বুধবার (২৩ আগস্ট) কারাগারের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
থাইল্যান্ডের সংশোধন বিভাগ এক বিবৃতিতে জানায়, ৭৪ বছর
বয়সি থাকসিনকে বুধবার ভোরে তার হৃদপিণ্ড ও উচ্চ রক্তচাপে অক্সিজেনের মাত্রা কম নিয়ে
উদ্বেগের মধ্যে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংশোধন বিভাগের মুখপাত্র সিথি সুতিভং এক বিবৃতিতে জানান,
থাকসিনের বেশ কয়েকটি রোগ রয়েছে। যার জন্য তার যত্ন নেওয়া দরকার। বিশেষত তার হৃদরোগ
রয়েছে। কারা হাসপাতালে হৃদরোগের প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
এক পুলিশ কর্মকর্তা জানান, থাকসিনকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। কারণ কারাগারে তিনি সঠিক যত্ন পাবেন এমন নিশ্চয়তা কারা কর্তৃপক্ষ দিতে
পারেনি।
থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের একজন বিলিয়নিয়ার
ব্যাবসায়ী ও রাজনীতিবিদ। তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক অভ্যুত্থানে
প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি প্রাইভেট জেটে ব্যাংককে
আসেন। কারণ তার রাজনৈতিক দল ফেউ থাই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।
ফেউ থাই পার্টির স্রেথা থাভিসিন রাজকীয় অনুমোদন পেয়ে
প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। বুধবার সংসদের এক কর্মকর্তা জানিয়েছেন।
দেশে ফেরার পরপরই থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতার অপব্যবহার
ও স্বার্থের দ্বন্দ্বের জন্য দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট তাকে আট বছরের জেল দেয়।
বিদায়ী সরকারের এক মন্ত্রী জানান, থাকসিন তার বয়সের
কারণে রাজকীয় ক্ষমা ও উন্নত চিকিত্সার জন্য যোগ্য হতে পারেন।
সূত্র: আল জাজিরা