প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৭:৫৯ পিএম
মিজোরামে ভেঙে পড়া রেলওয়ের নির্মাণাধীন ব্রিজের দৃশ্য। ২৩ আগস্ট, বুধবার তোলা। ছবি : সংগৃহীত
ভারতের মিজোরাম রাজ্যে রেলওয়ের একটি নির্মাণাধীন ব্রিজ ভেঙে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৩ আগস্ট) মিজোরামের সেরাং শহরে এ ঘটনা ঘটেছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ব্রিজটা ভেঙে পড়ার সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন।
সেরাং শহরটি মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত।
হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা করেছেন তিনি।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামঠাঙ্গাও ব্রিজ ভেঙে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কারণ খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জোরামঠাঙ্গা।
সূত্র : এনডিটিভি