প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:৪৩ পিএম
দেশে এসেই গ্রেপ্তার থাকসিন। আদালত বলছে, তাকে ৮ বছরের সাজা ভোগ করতে হবে। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর পর স্বেচ্ছায়
নির্বাসন থেকে দেশে ফিরে এসেই গ্রেপ্তার হলেন।
এর আগে দেশটির গণমাধ্যম খাওসোদ মিডিয়া ও থাই পিবিএস জানায়, সিঙ্গাপুর
থেকে আসা একটি প্রাইভেট বিমানে স্থানীয় সময় সকাল ৯টায় ব্যাংককের ডন মিওং আন্তর্জাতিক
বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রাজার প্রতি শ্রদ্ধাও জানান তিনি।এরপরেই তাকে গ্রেপ্তার
করে থাই পুলিশ।
এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে ব্যাংকক কারাগারে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, তাকে ৮ বছরের কারাদণ্ডের
সাজা ভোগ করতে হবে।
প্রধানমন্ত্রী থাকাবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
আগেই শঙ্কা ছিল, দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন।
থাকসিন ২০০১ সালে জনতাবাদী প্ল্যাটফর্মে ক্ষমতায় এসেছিলেন। তার জনপ্রিয়তার
মূল ভিত্তি ছিল গ্রামে বসবাসরত থাইরা। যারা দীর্ঘদিন ধরে দেশের অভিজাত শাসক শ্রেণির
দ্বারা অবহেলিত ছিল।
পাঁচ বছর দেশ চালানোর পরে আবারও এক ভূমিধস জয়ে দেশের ক্ষমতায় ফিরে
আসেন তিনি। কিন্তু ২০০৬ সালের সেপ্টেম্বরে যখন থাকসিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে
ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সামরিক বাহিনী তাকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল
করে।
পরে থাকসিনকে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এর পরই তিনি স্বেচ্ছানির্বাসনে যান। সবশেষ ১৫ বছর তিনি বেশিরভাগ সময় দুবাইতে কাটিয়েছেন এবং টেলিকম ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।
সূত্র : আলজাজিরা