প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ০৯:৪২ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১১:৪৬ এএম
সিঙ্গাপুর থেকে প্রাইভেট বিমানে করে থাইল্যান্ডে এসেছেন থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন।
দেশটির গণমাধ্যম খাওসোদ ও থাই পিবিএস অনুসারে, একটি ব্যক্তিগত বিমানে
চড়ে মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ
করেন ৭৪ বছর বয়সি এই নেতা।
তার বোন ইংলাক সিনাওয়াত্রা, যিনি নিজেও একজন সাবেক প্রধানমন্ত্রী
– শর্ট ভিডিও
প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে থাকসিনকে লাল টাইসহ স্যুট পরিহিত
অবস্থায় সিঁড়ি দিয়ে ছোট প্রাইভেট বিমানে উঠতে দেখা গেছে।
তার আগমনে সমর্থকরা রাস্তায় নাচ, গান ও উল্লাসে ফেটে পড়েন। যদিও খবর
ছিল, দেশে এলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। তবে এমন কিছু এখনও ঘটেনি।
থাকসিন ২০০১ সালে জনতাবাদী প্ল্যাটফর্মে ক্ষমতায় এসেছিলেন। তার জনপ্রিয়তার
মূল ভিত্তি ছিল গ্রামে বসবাসরত থাইরা। যারা দীর্ঘদিন ধরে দেশের অভিজাত শাসক শ্রেণির
দ্বারা অবহেলিত ছিল।
পাঁচ বছর দেশ চালানোর পরে আবারও এক ভূমিধস জয়ে দেশের ক্ষমতায় ফিরে
আসেন তিনি। কিন্তু ২০০৬ সালের সেপ্টেম্বরে যখন থাকসিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে
ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সামরিক বাহিনী তাকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল
করে।
পরে থাকসিনকে ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এর পরই তিনি স্বেচ্ছানির্বাসনে যান। সবশেষ ১৫ বছর তিনি বেশিরভাগ সময় দুবাইতে কাটিয়েছেন এবং টেলিকম ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন।
সূত্র : আলজাজিরা