প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৪:৫৫ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৫:৩১ পিএম
ঘূর্ণিঝড় কাছাকাছি হওয়ায় দক্ষিণ মেক্সিকোতে বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়ংকর দাবানলে শতাধিক মৃত্যুর পর এবার দেশটিকে
মোকাবিলা করতে হবে ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড় ‘হিলারি’র। বাতাসের
গতিবেগ ১৩০ কিলোমিটার নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলে শনিবার (১৯
আগস্ট) এটি আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড়টি মেক্সিকোর দক্ষিণ পশ্চিমে ২৮৫ মাইল দূরে
ছিল।
মেক্সিকোর কিছু অংশেও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পর্যবেক্ষণের অধীনে রয়েছে।
দেশটির সরকার উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর ১৮ হাজার
সদস্যকে প্রস্তুত রেখেছে।
আসন্ন এ ঝড়ের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এরই মধ্যে আকস্মিক
বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টি যদি উপকূলে আঘাত হানে, তবে ৮০ বছরের মধ্যে এটিই
প্রথম ক্যালিফোর্নিয়ায় আঘাত করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হতে যাচ্ছে। শেষবার ১৯৩৯ সালে গ্রীষ্মমণ্ডলীয়
ঝড় ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি
ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সদস্যদের ক্যালিফোর্নিয়ায় প্রেরণ করা হয়েছে। তারা প্রয়োজন
অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি ঝড়ের পথে
সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা শোনার অনুরোধ
করছি।’
দেশটির জাতীয় আবহাওয়া সেবা বিভাগ (এনডব্লিউএস) বলেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়
ঝড়ের ফলে কিছু এলাকায় ৩-৬ ইঞ্চি (৭-১৫ সেমি) ও অন্য আরও কিছ এলাকায় ১০ ইঞ্চি পর্যন্ত
ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিমের কিছু
অংশে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে।
ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোতে এনডব্লিউএস আকস্মিক বন্যার উচ্চ শঙ্কার
একটি সতর্কতা জারি করেছে।
এ ঝড়ের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার বেজ থেকে বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান
স্পেসএক্স সোমবার পর্যন্ত তাদের সব রকেট উৎক্ষেপণ স্থগিত রেখেছে। এ ছাড়া ন্যাশনাল পার্ক
সার্ভিস ও জ্যেশুয়া ট্রি ন্যাশনাল পার্ক ও মোজাফে ন্যাশনাল প্রিজার্ভও বন্ধ করে দেওয়া
হয়েছে। যাতে দর্শণার্থীরা বন্যার সময় আটকে না যায়।
সূত্র : বিবিসি