দাবানল মোকাবিলায় ব্যর্থতা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১০:৫০ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১১:২২ এএম
দাবানলে পুড়ে যাওয়া মাউই কাউন্টির একটি সাধারণ দৃশ্য। ১৫ আগস্ট তোলা। ছবি : সংগৃহীত
হাওয়াই দ্বীপের সাম্প্রতিক দাবানলের সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। এ নিয়ে বাসিন্দারা স্থানীয় প্রশাসনের তীব্র সমালোচনা করছেন। সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৭ আগস্ট) হাওয়াইয়ের মাউই কাউন্টির জরুরি ব্যবস্থাপনা প্রশাসক হারমান আন্দাজ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন এক বিবৃতিতে বলেন, অসুস্থতার কারণে হারমান আন্দাজ পদত্যাগ করেছেন। এই গুরুত্বপূর্ণ পদে শিগগির নিয়োগ দেওয়া হবে। কয়েক দিনের মধ্যেই ঘোষণা আসবে।
হাওয়াই দ্বীপটির মাউই কাউনিটতে ৮ আগস্ট দাবানল শুরু হয়। দাবানলটি ‘ডোরা’ নামে একটি হারিকেনের বাতাসের কারণে দ্রুত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে।
দাবানলে অন্তত ১১১ ব্যক্তি নিহত হয়। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। ধ্বংস হয়েছে ২ হাজার ২০০ বাড়িঘর। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিণাম ৫৫০ কোটি ডলার বলে অনুমান করা হয়েছে।
দাবানলের পর বুধবার (১৬ আগস্ট) প্রথম সংবাদ সম্মেলনে আসেন হারমান আন্দাজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘সাইরেন না বাজানো আমাদের সামষ্টিক সিদ্ধান্ত ছিল। কারণ আমাদের মনে হয়েছে সাইরেন বাজালে মানুষ বেশি আতঙ্কিত হবে। তখন আরও বেশি বিশৃঙ্খলা হতে পারত। তাই আমরা সাইরেন না বাজানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’
হাওয়াই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় ২ হাজার মাইল দূরে অবস্থিত একটি দ্বীপরাজ্য। এটি প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত। পর্যটনের জন্য বেশ বিখ্যাত।
সূত্র : রয়টার্স