প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৩:৩৭ পিএম
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই এলভিএম৩ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ছবি : সংগৃহীত
ভারতের চন্দ্রমিশন চন্দ্রযান-৩ এর ল্যান্ডার আজ বৃহস্পতিবার, ১৭ আগস্ট মহাকাশযানটির প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার কথা রয়েছে। ল্যান্ডারটির নাম বিক্রম। যানটির ল্যান্ডার বিক্রম এবং প্রজ্ঞান নামের রোভার ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
বিক্রম সফলভাবে অবতরণ করতে পারলে তা রোভার প্রজ্ঞানের ছবি তুলতে শুরু করবে। রোভারটি দক্ষিণ গোলার্ধে অবতরণের পর ধীরে ধীরে তার সরঞ্জাম সেট করতে শুরু করবে। এটি সেখানে চাঁদের ভূপৃষ্ঠের কার্যক্রম নিয়ে গবেষণা শুরু করবে।
চন্দ্রযান-৩ বুধবার চাঁদে তার যাত্রাপথের পঞ্চম ও সর্বশেষ ধাপটি সফলভাবে সম্পন্ন করে। এর মধ্য দিয়েই মহাকাশযানটি চাঁদের ভূপৃষ্ঠের কাছাকাছি চলে যায়। এই ধাপটি শেষ করার পর থেকেই মূলত বিক্রম ল্যান্ডারকে প্রপালশন মডিউল থেকে আলাদা করার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। সব ঠিক থাকলে আজ তা সম্পন্ন হবে।
চন্দ্রযান-৩ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই এলভিএম৩ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। ৫ আগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
সূত্র: এনডিটিভি