প্রবা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১২:৫৬ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৪:০১ পিএম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) দুই নেতা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি।
ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেআরব নিউজ জানিয়েছে, ইউক্রেন সংকটের ‘কার্যকর রাজনৈতিক সমাধানে’ পৌঁছাতে সহায়তা করার লক্ষ্যে রাশিয়া সফরে যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট।
মন্ত্রণালয় আরও জানায়, উপসাগরীয় দেশটি সামরিক উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে চায়। তাই দুই নেতার দ্বিপক্ষীয় আলোচনায় ইউক্রেন সংকট সম্পর্কিত সর্বশেষ বিষয় গুরুত্ব পাবে।
এর আগে থেকেই আন্তর্জাতিক আইন মেনে কূটনীতি, সংলাপের আহ্বান জানিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত।
এ সফরে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও প্রেসিডেন্ট পুতিন তাদের দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অভিন্ন স্বার্থের বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন।
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারের রাশিয়া সফর হবে শেখ মোহাম্মদের তৃতীয় বিদেশ সফর।
প্রবা/এনএস/এমজে/