প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:৫৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ২১:০২ পিএম
নাইজারে সামরিক অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার জন্য সংসদীয় কমিটি পাঠাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস। ইকোওয়াসের এ পরিকল্পনার ব্যাপারে শনিবার (১২ আগস্ট) এক মুখপাত্র নিশ্চিত করেন।
গত মাসে নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়া হয় নির্বাচিত সরকারকে। তারপর থেকে ক্ষমতায় আছে অভ্যুত্থানকারীরাই। নাইজারের সামরিক বাহিনীরা সে সময় প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে। গোটা বিষয়টির নিন্দা জানায় আশপাশের বিভিন্ন রাষ্ট্র ও পশ্চিমের একাধিক দেশ।
ইকোওয়াস এর আগে জানিয়েছিল, নাইজারে নির্বাচিত সরকার ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা ব্যর্থ হলে সেখানে সামরিক শক্তি প্রয়োগ করা হতে পারে। অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দুররাহমানে তিয়ানি ইকোওয়াস, যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
মুখপাত্র জানান, ইকোওয়াস পার্লামেন্ট শনিবার নাইজার নিয়ে আলোচনা করেছে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। পরে তারা একটি কমিটি তৈরি করে। কমিটিটি নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর সঙ্গে দেখা করে নাইজারে যাওয়ার অনুমতি চাইবে। কারণ ইকোওয়াসের সভাপতিত্ব এখন তার হাতেই।
সব মিলিয়ে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সংঘাতের আশঙ্কা ক্রমশ প্রবল হয়ে উঠছে। বিষয়টির সঙ্গে শুধু নাইজারের ভাগ্য নয়, পশ্চিম ও মধ্য আফ্রিকায় বৈশ্বিক শক্তিগুলোর প্রভাব কতটা থাকবে, তা-ও জড়িত। ওই অঞ্চলে গত তিন বছরে সাতটি অভ্যুত্থান হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, নাইজারে উগ্রবাদী গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট হাজারো মানুষকে হত্যা করেছে অতীতে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইতালির সেনারা নাইজারে আগে থেকে নিয়োজিত রয়েছে।
সূত্র : রয়টার্স।