প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৯:১৩ পিএম
জেরুজালেমের মাটিতে ফিলিস্তিনিদের জন্য সৌদি দূতের কূটনৈতিক ঘাঁটি হতে দেবে না বলে রবিবার (১৩ আগস্ট) জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগের জেরে সামনে এলো এ ঘোষণা। গত শনিবার প্রথমবারের মতো ফিলিস্তিনি অঞ্চলের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে সৌদি আরব। জানা যায়, ওই রাষ্ট্রদূত জেরুজালেমের কনসাল জেনারেল হিসেবেও কাজ করবেন।
এসবের জেরে তেল আবিবের এক রেডিওস্টেশনকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, ‘এই ব্যক্তি (আল-সুদাইরি) এমন একজন ব্যক্তি হতে পারেন যিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন। আমরা জেরুজালেমে কোনো কূটনৈতিক মিশন খোলার অনুমতি দেব না। একজন কর্মকর্তা স্বশরীরে জেরুজালেমে বসবেন? এটিতে আমরা অনুমতি দেব না।’
প্রসঙ্গত ইসরায়েল জেরুজালেমকে নিজ রাজধানী হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র ২০১৭ সালে তাদের সে দাবিকে স্বীকৃতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে। কিন্তু আর কোনো বিশ্বশক্তি ওই বিষয়ে কোনো স্বীকৃতি দেয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ শহরটিতে ফিলিস্তিনিদের কূটনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়।
সূত্র : রয়টার্স