দাবদাহ
প্রকাশ : ১৬ জুলাই ২০২২ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২২ ১৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো চরম দাবদাহের কারণে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাজ্য। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
দেশটির আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী সোমবার এবং মঙ্গলবার লন্ডন, ম্যানচেস্টার এবং ইয়র্কসহ বিভিন্ন এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
যার অর্থ দাঁড়ায় এসব এলাকায় জীবনের ঝুঁকি রয়েছে, যে কারণে দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনতে হবে।
রেললাইনে গতিবিধি নির্ধারিত করে দেওয়া হয়েছে। কিছু স্কুল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং কিছু হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে।
রাস্তায় জমে থাকা বরফ গলা রোধে বালি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অটো মোবাইল কোম্পানি আরএসি বলছে, গাড়িগুলো অনেক গরম হয়ে গেছে। যে কারণে আরো অনেক চালকের সাহায্যের প্রয়োজন হবে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি স্বাস্থ্য ও পরিচর্যা সংস্থাগুলোর জন্য সর্বোচ্চ স্তরের চারটি তাপ সতর্কতা জারি করেছে। এজেন্সি সতর্ক করে জানিয়েছে, দাবদাহের কারণে সবল ও সুস্থদের মধ্যেও অসুস্থতা ও মৃত্যু ঘটতে পারে বলে।
শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে অ্যাম্বুলেন্সের চাহিদা আরও বেড়ে যেতে পারে এবং গরম আবহাওয়ায় জরুরি সেবার যানবাহনে রোগীদের হাসপাতালের বাইরে অপেক্ষায় রেখে দিলে তাদের জীবনের ঝুঁকি বাড়তে পারে।
একটি চিঠিতে তারা আরো জানান, অ্যাম্বুলেন্সগুলো রোগীদের পৌঁছে দেওয়ার আগে আধা ঘণ্টার বেশি জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করা উচিত নয়।
যুক্তরাজ্যের কিছু অংশে এবার প্রথমবারের মতো চরম দাবদাহ সতর্কতা জারি করা হয়েছে। যদিও দেশটিতে চরম তাপ সতর্কতা ব্যবস্থা চালুই হয়েছে ২০২১ সালে।